বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের গহীন অরণ্যের আব্দুল্লারছিলা এলাকায় পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ৬ অপরাধীর নামে মামলা করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ এসব অপরাধীদের শনাক্ত করার পর রোববার দুপুরে ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে বন আইনে বাগেরহাট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে। প্রধান আসামি শাহজাহান শিকারীসহ ৬ আসামির সবাই সুন্দরবন সংলগ্ন বাগেরহাটে শরণখোলা উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ইতিপূর্বে সুন্দরবনে বহুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কখনও মামলা বা সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করা হয়নি। এবার বনবিভাগ সুনির্দিষ্ট অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।

সুন্দরবনে বুধবার সকালে ‘আব্দুল্লারছিলা’ এলাকার পরিকল্পিতভাবে ধরিয়ে দেওয়া আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সুন্দরবনের ৮ দশমিক ৫৫ একর বনাঞ্চল সম্পূর্ন পুড়ে যায়।

আরো ৬৬ একর বনাঞ্চলসহ জীববৈচিত্র্যের আংশিক ক্ষতি হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুন্দরবন বিভাগ পুড়ে যাওয়া বনাঞ্চলের এই হিসাব বের করেছে। এ ঘটনার মাত্র ১৭ দিন আগে নাংলি ক্যাম্প এলাকায় আরো একটি আগুনের ঘটনায় পুড়ে যায় প্রায় এক একর বনভূমি।

ওএফ