পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সড়কে গণপরিবহনের চাপ বাড়ায় গত কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হচ্ছে।

অতিরিক্ত যানবাহনের চাপে রোববার (১৮ জুলাই) ভোর থেকেই মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

এছাড়া উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু ঢাকায় নিতে গিয়েও ভোগান্তিতে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা।

জানা গেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই এ সড়কের যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। আজও মহাসড়কের টাঙ্গাইল অংশের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কিছুটা জট ছুটলেও আবার থেমে যাচ্ছে, এভাবেই চলছে গাড়ি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে গাড়ি তিনগুণ বেড়ে গেছে। গতকালও সারাদিন মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতূপূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল।

আজও যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এমবি