ফেনীতে ছাত্রলীগকর্মী মোস্তফা আহমেদ শাকিল হত্যা মামলার এজহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনের আমিরাত হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ফেনী সেন্ট্রাল হাইস্কুল সংলগ্ন আমিরাত হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের রামপুর পাটোয়ারী বাড়ির খোরশেদ আলমের ছেলে ইব্রাহিম প্রকাশ ইভু পাটোয়ারী (২৩) একই এলাকার খবির আহম্মদের ছেলে জাহিদ হাসান প্রকাশ ইমন (২৬)। গ্রেফতারকৃত ইব্রাহিম প্রকাশ ইভুর বিরুদ্ধে এর আগেও দুটি বিস্ফোরক মামলা রয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাজেদুল ইসলাম ছাত্রলীগ নেতা শাকিল হত্যা মামলার এজাহারভুক্ত দুই ও তিন নাম্বার আসামিকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদের সামনে ছুরিকাঘাত করে শাকিলকে হত্যা করে সন্ত্রাসীরা। এ মামলায় এজহারে ২১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত ৫ জন হাইকোর্ট থেকে জামিনে আছে, একজন কারাগারে রয়েছে।
জেড





