রাজধানীতে পৃথক ঘটনায় দুই কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড্ডা ও তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিপা আক্তার (১২) ও আরজু মুন্নি।

বৃহস্পতিবার দুপুরের পর পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রিপার বাবা সুরুজ মিয়ার বরাত দিয়ে বাড্ডা থানার এসআই পারভেজ হাসান জানান, টাঙ্গাইল জেলার মধুপুরের আলমনগর গ্রামে তাদের বাড়ি। পূর্ব বাড্ডার খালেক মাস্টারের বাড়িতে বাবার সঙ্গে থেকে কাজ করতো সে।

বৃহস্পতিবার দুপুরে বাথরুম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর রিপার বাবা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে তেজগাঁও থানার একটি বাড়ি থেকে আরজু মুন্নি নামের এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুন্নির বাবার নাম আবুল হোসেন। তারা গাজীপুর জেলার জয়দেবপুরের লক্ষীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় মুন্নি গলায় ফাঁস দিয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

তেজগাঁও থানার এসআই রমজান আলী জানান, মুন্নি নিজেই গলায় ফাঁস দিয়েছে কি-না তা তদন্তের পর জানা যাবে। তবে এ ঘটনা একটি মামলা হয়েছে।

এমকে