স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই তথ্য জানান।
ডা. নাজমুল ইসলাম বলেন, “দেশে প্রথম করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে। কিন্তু মাঝে টিকা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন। আমরা ইতোমধ্যেই জাপান সরকারের কাছ থেকে কিছু পরিমাণ টিকা পেয়েছি এবং খুব দ্রুত দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের টিকা দেওয়া শুরু করবো।”
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, “আমরা আশাবাদী সরকারের বিভিন্ন বহুমুখী পদক্ষেপের কারণে আরও বেশি সংখ্যায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়ে যাবো এবং অবশিষ্ট যারা আছেন তাদের প্রত্যেককেই সে টিকা দিতে সক্ষম হবো।”
এমবি





