দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কলেজছাত্র মোহাম্মদ ফারহান (২০)। সেখানে গতকাল বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে শঙ্খ নদে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারহান চট্টগ্রাম নগরের চাদগাঁও আবাসিকের বহদ্দার ফরিদারপাড়ার জামাল খানের ছেলে।

স্থানীয়রা জানান, ফারহান ঈদ উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের মৈশামুড়া এলাকার আফজালপাড়ায় বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বন্ধুদের সঙ্গে পাশের মক্তেয়ারকুম এলাকায় শঙ্খ নদে গোসল করতে নামেন তিনি। গোসলের একপর্যায়ে নিখোঁজ হন তিনি। তাঁর বন্ধুরা খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

সাতকানিয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার ডুবুরি দল অনেক চেষ্টা করেও নিখোঁজ ফারহানকে উদ্ধার করতে পারেনি। আজ শুক্রবার সকালে লাশের সন্ধান পেয়ে আমাদের খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি।

এমআর