ঝিনাইদহের শৈলকুপায় ‘চার বছর’ ধরে চিকিৎসা দিয়ে আসা এক ভুয়া চিকিৎসককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শৈলকুপার করিবপুরে স্বপ্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গৌতম অধিকারী নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয় বলে জানান শৈলকুপা থানার এসআই কামাল হোসেন। গৌতম মাগুরা জেলার শিবরামপুর গ্রামের গোবিন্দ অধিকারীর ছেলে।
এসআই বলেন, “শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করেন।
“এ সময় ওই ক্লিনিক সিলগালা করে মালিককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।”
চার বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল বলে জানান তিনি।
এসএম





