মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান আরোহী চীনা নাগরিক চাং বিং শাউমি (৩১) নিহত হয়েছেন। এ সময় তার গাড়িতে থাকা দোভাষী রাজুসহ আরও ৩ বাংলাদেশি আহত হয়েছেন।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু মহাসড়কের পাশের রাস্তায় শিবচরের দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চাং বিং শাউমি পদ্মা সেতু রেল প্রকল্পের সিআরই ডিভিশন ২, ইউনিট ৪ এর সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানান, দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় চীনা ওই নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশসহ ওই প্রকল্পের দায়িত্বে থাকা চায়না কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (ফরিদপুর সার্কেল) মো. মারুফ হোসেন বলেন, ওভারটেকিং করার সময় ড্রাম ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।

এবিএস