একটি হত্যাকাণ্ডের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে ৪৫ একর চিংড়ি ঘেরে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে মাছগুলো মরে ভেসে ওঠে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মরে গেছে বলে জানিয়েছেন ঘের মালিকরা।

 চিংড়িঘের মালিক কুমড়ি গ্রামের শফিকুল ইসলাম বাবু ও খায়েরুজ্জামান খায়ের জানান, গ্রামে সম্প্রতি একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিপক্ষের লোকজন সোমবার ভোরে তাদের আপন দুই ভাইয়ের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে মাছগুলো মরে ভেসে ওঠে। ৪৫ একর জায়গায় আটটি ঘেরে গলদা চিংড়িসহ অন্যান্য মাছের চাষ করেছিলেন তারা। গত তিন মাসে ঘেরগুলোতে ৩৫ লাখ টাকার খাবার দিয়েছেন। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, তারা কুমড়ি গ্রামের বনি শেখ গ্রুপের লোক হওয়ায় প্রতিপক্ষ লতিফুর রহমান পলাশের লোকজন তাদের ঘেরে বিষ দিয়েছে।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ আগস্ট কুমড়ি গ্রামের লতিফুর রহমান পলাশ ও বনি শেখ গ্রুপের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সৈয়দ ইলিয়াস আলী (৬০) নামে একজন নিহত হন। নিহত ইলিয়াস বনি শেখ গ্রুপের লোক ছিলেন। এ হত্যাকাণ্ডের জের ধরে দুই পক্ষের দ্বন্দ্ব আরো প্রবল হয়ে ওঠে। প্রায়ই ঘেরে বিষ প্রয়োগসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে কুমড়ি গ্রামে।

লোহাগড়া থানার এসআই নিমাই চন্দ্র মণ্ডল বলেন, চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেআই