ঝড়ো আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় রূপালী ব্যাংকের ‘ক্যাশ কর্মকর্তা’পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকালে রাজধানীর আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এমন আবহাওয়ার কারণে বিদ্যুত চলে যায়। ফলে রাষ্ট্রয়াত্ত্ব রূপালী ব্যাংকের ‘ক্যাশ কর্মকর্তা’পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়।

ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। বিদ্যুৎ না থাকায় পরীক্ষা বাতিল করা হয়েছে।

এদিকে বাতিল হওয়া পরীক্ষা কবে নেওয়া হবে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা মোশাররফ হোসেন খান বলেন, “আগামী মাসের মাঝামাঝি এ পরীক্ষা নেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তখন নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।’

সংশ্লিস্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ৩২৮ পদের বিপরীতে প্রায় চার হাজার চাকরিপ্রার্থী অংশগ্রহণের জন্য বসেছিলেন।

এসএম