করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ১০ এপ্রিল ডা. মোহাম্মদ শামসুজ্জামান এই হাসপাতালে ভর্তি হন। প্রথমে কেবিনে ছিলেন, কিন্তু সমস্যা বাড়তে থাকায় তাকে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ফলে ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল ৭ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারুক আহমেদ বলেন, “ওর ফুসফুসে ইনফেকশন হয়েছিল, সেটা আর ঠিক হয় নাই। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি (স্থুলতা) ছিল। একইসঙ্গে বয়সও একটা বিষয়।” সে (ডা. শামসুজ্জামান) আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, যোগ করেন তিনি।

অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে এর পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন।

এমবি