ঘুষের টাকা নেওয়ার সময় নগরীর নন্দনকানন কার্যালয় থেকে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিসিএল) দুই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে দুদক। এসময় তাদের কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুর দুইটার দিকে বিটিসিএলের প্রধান সহকারী গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মানিকলাল দাস জানান, ৭ মাস আগে অবসরে যাওয়া উপ সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভুঁইয়ার কাছ থেকে ঘুষ দাবি করেন বিটিসিএল’র দুই কর্মকর্তা। এ অভিযোগ পাওয়ার পর আমরা ঘুষ নেওয়ার সময় ওঁৎ পেতে থাকি। এসময় হাতেনাতে বিটিসিএল’র দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভুঁইয়া বলেন, ৭ মাস আগে আমি অবসরে গিয়েছি। পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য ফাইল আগ্রাবাদ অফিসে পাঠাতে হবে নন্দনকানন অফিস থেকে। কিন্তু এ ফাইল পাঠানোর জন্য তারা আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ চায়। আমি মুক্তিযোদ্ধা পরিচয় দেবার পর তারা ২০ হাজার টাকা দাবি করে।

এরপর দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক বরাবর আমি অভিযোগ করি। শুধু তার কাছ থেকেই নয় তার আরও ৫ সহকর্মী সাহাবউদ্দিন, মারুফা, সাধনা, রমা ও কোহিনুরের কাছ থেকেও বিটিসিএল’র কর্তারা ঘুষ চেয়েছে বলে দাবি করেন আবুল কাশেম ভুঁইয়া।

এদিকে গ্রেফতার বিটিসিএল কর্তা গিয়াস উদ্দিনের অফিস কক্ষে তল্লাশি চালিয়ে তার ও তার স্ত্রীর নামে করা ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান সানি উপস্থিত আছেন।

এমএনজে