সাভারের আশুলিয়ায় নব্য জেএমবির প্রধান অর্থ যোগান দাতা আব্দুর রহমান আয়নাল ওরফে নাজমুল হক ওরফে বাবুর স্ত্রী শাহনাজ আক্তার রুমিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে সে জঙ্গি সদস্যদের অবস্থান, তাদের অর্থায়ন ও প্রশিক্ষণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদুর রহমান।
সাভার ক্যাম্পেই এখন তিন সন্তান নিয়ে র্যাবের হেফাজতে রয়েছে শাহানাজ। সে নিজেও ছয় মাসের অন্তঃস্বত্বা।
শাহানাজ জানিয়েছে, গত ছয় মাসে আশুলিয়ায় ৫ বার বাসা বদল করেছে তারা। সে নিজেও "জেহাদী" গ্রুপের সদস্য বলে স্বীকার করেছে। সবদিক বিবেচনা করে তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
গতকাল সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকার আমীর মৃধার পাঁচতলা ভবন ‘মৃধা ভিলায়’ অভিযান চালায় র্যাব।
অভিযানের সময় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে মারা যায় ‘নব্য জেএমবির' প্রধান অর্থ যোগান দাতা আব্দুর রহমান আয়নাল ওরফে নাজমুল হক ওরফে বাবু।
নিহতের মরদেহ বিশেষ প্রহরায় এখনো রাখা হয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সিদ্ধান্ত পেলে মরদেহের সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে র্যাব।
ওই ‘জঙ্গি আস্তানা' থেকে উদ্ধার করা হয় নগদ ৩০ লাখ টাকা, গুলিভর্তি বিদেশি একটি পিস্তল, মোবাইল জ্যামার, বিপুল পরিমাণ ধারালো ছুরি, চাপাতি, জেহাদী বই, কম্পিউটার সিপিইউ, ওয়াটার প্রুফ ক্যামেরা।
ওই ভবনের চতুর্থ তলার বাসিন্দা তৈরি পোশাক শ্রমিক মোহাম্মদ আলী জানান, তারা ঘুনাক্ষরেও টের পাননি ঠিক ওপরের তলায় এত বড় জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে।
এমএনজে





