ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১১ বাংলাদেশি নারী-শিশুকে স্বদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলো- পারুল বিবি (১৯), রহিমা খাতুন (১৮), তহমিনা খাতুন (২১), মর্জিনা বিবি (১৭), বিউটি শেখ (২০), রাহিমা শেখ (২২), শাহিন (১৪), মোজাহিদ (৫), আরিফুল (৭), ইমামুল হোসেন (৯) ও রায়হান মোড়ল (৮)। এদের বাড়ি চাঁদপুর,যশোর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।
পুলিশ জানায়, ভালো কাজের আশায় এসব নারী-শিশুরা দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে সীমান্ত পথে ভারতে যায়। পরবর্তীতে দালাল চক্র তাদের ভালো কাজের প্রতিশ্রতি রক্ষা না করে ফেলে পালিয়ে আসে। এসময় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।
সেখান থেকে এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরবর্তীতে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া যৌথ ট্রাভেল পারমিটের মাধ্যমে এরা দেশে ফিরে আসে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে।
এএইচ





