মাদারীপুরের কালকিনিতে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করেছে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।
বুধবার ভোররাতে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে সাহেববারপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক আবুল কালাম শিকদারকে (৪৫) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
এ সময় আবুল কালামের চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে ভোররাতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আবুল কালাম আন্ডারচর এলাকার সলেমান শিকদারের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত আন্ডারচর এলাকার মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার কর্মী-সমর্থক ছিলেন। এই কারণেই তাকে জোরপূর্বক কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এই ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
এমবি





