চট্টগ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক রেজাউল করিম সোমবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খোকন দাশ (২৭) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখিল এলাকার সমীরণ দাশের ছেলে।
তিন বছর আগের এই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে জানিয়েছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার।
তিনি বলেন, রায় ঘোষণার সময় খোকন আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে কারাগার থেকে বের হয়ে পলাতক রয়েছেন ওই আসামি।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৩০ অক্টোবর খোকন দাশ তাদের প্রতিবেশী পাঁচ বছর বয়সী ওই শিশুকে মার্বেল দেওয়ার লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওইদিন সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
পুলিশ তদন্ত করে ২০১৩ সালের ১৬ জানুয়ারি খোকনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় এবং ৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে।
রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য নিয়ে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় ঘোষণা করে বলে ট্রাইব্যুনালের আইনজীবী জেসমিন জানান।
কেএইচ





