মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তজেলা ডাকাত দলের সরদার মিয়ারুল ইসলাম (৩৫) নিহত হয়েছে।
রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজনগর ব্রিজের কাছে মিয়ারুলকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার করতে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। নিহত মিয়ারুল ইসলাম সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, শনিবার সন্ধ্যায় নুরপুর গ্রাম থেকে মিয়ারুলকে গ্রেফতার করা হয়।
থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাহিনীর কর্মকাণ্ড ও অস্ত্রের সন্ধান দেয় সে। তার দেওয়া তথ্যমতে রাতে তাকে নিয়ে রাজনগর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়।
পুলিশ পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মিয়ারুল। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে মিয়ারুলের সঙ্গীদের ফেলে যাওয়া চারটি বোমা, একটি বন্দুক, তিন রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধে সদর থানার এসআই আহসান উল্লাহ, এএসআই আব্দুল হক ও অর্জুন কুমার এবং কনস্টেবল আব্দুর রাজ্জাকসহ পাঁচ জন আহত হয়েছেন।
মিয়ারুলের নামে জেলার তিনটি থানায় হত্যা, ডাকাতি ও বোমা বিষ্ফোরণের ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি আহসান হাবীব।
এমকে





