চট্টগ্রাম মহানগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডে এবং চট্টেশ্বরী রোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরজ্ঞামসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব-৭।

রোববার বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাহেদ (১৮), নিজাম উদ্দিন (৩২), শহিদুল ইসলাম (২৭), হেলাল উদ্দিন (২৮), রফিকুল আলম (৩৮) এবং পারভেজ (২৩)।

উদ্ধার করা ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে- ১০টি চ্যানেল ব্যাংক, ৪টি ল্যাপটপ, ৫টি মডেম, ৩টি সুইচ, ৪টি সিপিইউ, ৩টি মনিটর, ২টি আইপিএস, ৩টি আইপিএস ব্যাটারি, ১টি কি-বোর্ড, ৬টি রাইডার, ২টি ভোল্ড স্টেভলাইজার, ২টি এফডব্লিউটি এবং বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির ১৩ হাজার ২৩৮টি সিম। র‌্যাব জানায় উদ্ধার করা এসব ভিওআইপি সরজ্ঞামের মূল্য আনুমানিক এক কোটি টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, গোপন খবরের ভিক্তিতে নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোডে নিরাপদ আবাসিক এলাকার সানজিদা ম্যানসনের পঞ্চম তলা এবং চট্টেশ্বরী রোডে এস এফ হোসাইন ভিলার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব ভিওআইপি সরঞ্জাম উদ্ধার এবং ৬ জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস