মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাতে মাদকাসক্ত মঈন হোসেন (৩২) নামে তাদের বড় ভাই খুন হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লঞ্চঘাট এলাকার মঈন হোসেন এক সময় ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। দীর্ঘ দিন থেকে মঈন নেশাগ্রস্ত ছিলেন।
এক পর্যায়ে তিনি মানসিকভাবে প্রায় ভারসাম্যহীন হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যদের মারধর ও খারাপ আচরণ করতেন।
সোমবার রাত ১০ টার দিকে ছোট দুই ভাই তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের আঘাত করার চেষ্টা করেন। এ সময় ছোট ভাইয়েরা প্রতিরোধ করলে মঈন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাদারীপুর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজাহান মিয়া জানান, মাদারীপুর সদর থানা পুলিশের একটি টহল দল সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এসএইচ/এমকে





