মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে কড়া পুলিশ প্রহরায় তাকে আদালতে আনা হয়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. এম রাজিবুল হাসানের খাস কামরায় শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে রাষ্ট্র পক্ষে কোর্ট পরিদর্শক সুনীল চন্দ্র রায় আসামিকে কারগারে পাঠানোর জন্য আবেদন করেন। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক আসামিকে জেলা কারাগারে পাঠানোর পাশাপাশি মামলার নথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত,গোপন সূত্রে খবর পেয়ে কিশোরগঞ্জ পুলিশের একটি দল বৃহষ্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাকে জেলার সীমান্তবর্তী ময়মনসিংহের নান্দাইল থানার চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে আটক করে। তিনি সে সময় টিকেট কেটে চট্টগ্রামগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটকের পর পরই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়। রাতে তিনি থানা হাজতেই অবস্থান করেন।
কেএইচ





