বন্ধ থাকার ১৭ বছর পর রাজবাড়ী-ফরিদপুর রুটে পরীক্ষামূলকভাবে একটি আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোশারফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এম এ খালেকসহ জেলা আওয়ামী লীগ ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী রেলওয়ের কর্মকর্তারা জানান, অলাভজনক রুট হিসেবে ১৯৯৮ সালের ১৫ মার্চ তৎকালীন সরকার রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হওয়া ৩০ কিলোমিটার দীর্ঘ রুটটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করে।
এর অংশ হিসেবে ৯০ কোটি টাকা ব্যয়ে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১০ সালের ১০ মার্চ থেকে নতুন করে রাজবাড়ীর পাঁচুরিয়া, খানখানাপুর, বসন্তপুর, ফরিদপুরের আমিরাবাদ, অমরিকাপুর এবং ফরিদপুরসহ ছয়টি রেলস্টেশন, বেশ কিছু ব্রিজসহ রেলপথ নির্মাণ করা হয়।
চলতি মাসের ২২ আগস্টের পর আনুষ্ঠানিকভাবে এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





