মেহেরপুরে গ্রামবাসীর গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে ১১টার সময় সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ও গ্রামবাসীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার সময় সদর উপজেলার রাজাপুর গ্রামে ১০/১২ জনের এক দল ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাত দল রাজাপুর মাঠে শশার ক্ষেতের পাহারাদারকে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়।
পরে পাহারাদার পালিয়ে গ্রামে এসে খবর দিলে গ্রামবাসী ডাকাত দলকে প্রতিরোধ করতে গেলে তারা গ্রামবাসীকে লক্ষ্য করে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে মাঠের ভেতর থেকে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি শুরু করে।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে তিন ডাকাতকে উদ্ধার করলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। আহত দুইজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তারাও মারা যায়।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছেন।
এমকে





