নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নির্মল দত্ত নামে একজন নিহত হয়েছে। এসময় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দারৈল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ ১১ বছর পর সকাল ৮টায় কাঞ্চন পৌরসভার নির্বাচনে ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ১০টায় পৌরসভার ১নং তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম রফিকের লোকজন। খবর পেয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার লোকজন তাদের বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে শুভঙ্কর দত্ত (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।
সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। তারা হলেন-জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন, তার বড় ভাই দেলোয়ার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ ও সাধারণ ভোটার।
তাদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে পাঠানো হয়েছে। এরা হলেন-শাহেদ আহমেদ (২৯), মনির মোল্লা (৩২), মো. নাইম ২৯), গুলজার মোল্লা (৪০), শাকের আহমেদ (৩০), মিজানুর রহমান (৩৮), মো. শাহিন (২৫) এবং মো. মিলন (৪৭)।
পুলিশ জানায়, ঘটনার পরপরই তাড়াইল কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। হাটাবোসহ আরো কিছু কেন্দ্রে উত্তেজনা রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা. ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





