রাজধানী ঢাকায় ও কক্সবাজার জেলায় কথিত বন্দুকযুদ্ধে মোট ৩ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে রাজধানীর হাজারীবাগে বন্দুকযুদ্ধে একজন এবং কক্সবাজার টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।

কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, বিদেশি অস্ত্র ও মাদক পরিবহনে একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুর রহমান (৪২) ও ওমর ফারুখ (৩১)।

 

র‌্যাব-২ ঢাকার কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বেশ কয়েকজন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আরো বেশ কয়েকজন পলাতক ছিলেন। পরে আটক হওয়াদের স্বীকারোক্তি অনুসারে সোমবার রাতে কক্সবাজারে অভিযান শুরু করে র‌্যাব-২।

 

‘অভিযানের একপর্যায়ে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া এলাকায় দুটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব। শেষ রাতের দিকে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে তা নির্দেশ অমান্য করে পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা সে সময় পিছু ধাওয়া করলে গাড়িটি সড়কের মাইলস্টোনে ধাক্কা লেগে থেমে যায়।’

 

র‍্যাব কর্মকর্তা বলেন, ‘শেষমেশ কোনো উপায়ন্তর না দেখে গাড়িতে থাকা লোকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আক্রমণকারীরা পিছু হটলে ঘটনাস্থলে আহত অবস্থায় দুজনকে পাওয়া যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। 

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

এদিকে সকালে র‌্যাবের পক্ষে জানানো হয়, রাজধানীর হাজারীবাগ এলাকায় র‌্যাব-২ এর সঙ্গে ‘গোলাগুলিতে’ সুমন নামের এক ‘অস্ত্র ব্যবসায়ী’ নিহত হয়েছেন।

র‍্যাব জানায়, সোমবার ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেলের পাশে বন্দুকযুদ্ধে সুমন (২২) নামে অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সুমন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই কাউছার আরও জানান, সুমনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

জেড