মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (০৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে পুরাতন ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকাগামী তাজ আনন্দ পরিবহনের সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস বলেন, আটজন যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে একটি বাসকে ওভারটেক করার সময় আনন্দ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুইজন। আহত অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ও ছয়জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

এমবি