লালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলবাহার (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুর ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়।

নিহত গোলবাহার উপজেলার দহগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত গোমর উদ্দিনের ছেলে। আহতরা হলেন- জসিম উদ্দিন (২২) ও হামিদুল ইসলাম(২৮)। এরা দুইজনেই দহগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিল গোলবাহার। পথিমধ্যে পাটগ্রাম থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের তিনজন খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গোলবাহারকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনই বর্তমানে পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নুরনবী/এমবি