মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লী সেতু এলাকায় যাত্রী ও গরুবাহী নসিমন গাড়ি খাদে পড়ে জহিরুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার সকালে ওই উপজেলার হরগজ হাটে যাওয়ার পথে এই দুর্ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত আট যাত্রী। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জহিরুল পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পানয়ান গ্রামের সফিজ উদ্দিন বেপারীর ছেলে এবং করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানে এমএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা ইনামুল করিম জানান, জহিরুলের বাবা, চাচা ও চাচাতো ভাইয়েরা গরু ব্যবসা করেন। পড়াশোনার পাশাপাশি সংসারের টুকিটাকি কাজও করেন তিনি।তার দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে।

সকালে বাড়ির লোকজন নাগরপুর থেকে নসিমনে (ডিজেল ইঞ্জিন চালিত দেশিয় প্রযুক্তির তৈরি ছোট যান) আটটি গরু বোঝাই করে হরগজ হাটের উদ্দেশ্যে রওনা হন।হাটে তাদের সঙ্গে যাচ্ছিলেন জহিরুল।

পৌনে ১১টার দিকে ওই সেতুর কাছে এসে গর্তের ভেতর নসিমনটি প্রচন্ড ঝাকি লেগে পাশের খাদে পড়ে উল্টে যায়।

স্থানীয়রা আহত যাত্রীদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এর আগেই হাসপাতালে নেয়ার পথেই মারা যান জহিরুল।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুলহাস উদ্দিন জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে সামান্য কাটা-ছেড়া রয়েছে।তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমই