রানা প্লাজায় নিহত ও আহতদের আন্তর্জাতিক সংস্থা (আইএলও) কনভেনশন অনুযারী ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি সে অনুযায়ী না দেয়া হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী পরিষদসহ ১৪টি সংগঠন পৃথক পৃথক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের এক বছর হতে চলেছে। কিস্তু এতে নিহত ও আহত শ্রমিকরা এখনো ক্ষতিপূরণ পাননি। নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের নামে একটি শ্রেণি ব্যবসা করছে বলে অভিযোগ করেন বক্তারা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
তারা বলেন, দুর্ঘটনায় আহতরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আর কোনো রানা প্লাজা যাতে সৃষ্টি না হয়, সেজন্য প্রতিটি গার্মেন্টসে শ্রমিকদের কর্ম পরিবেশ সৃষ্টিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে আইবিসি সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি আবদুল মতিন মাস্টার প্রমুখ।
মানববন্ধনে ১৪টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের কয়েকশ’ গার্মেন্টস শ্রমিক উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]