প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের মরদেহ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়না তদন্ত ও জানাজা শেষে ময়মনসিংহের পথে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। এরপর সেখান থেকেই তার মরদেহ বহনকারী গাড়ি ময়মনসিংহের বাগমারার উদ্দেশ্যে রওনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস উইং এর একজন কর্মকর্তা আসিফ কবীর।
এর আগে বারডেম হাসপাতাল থেকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয় ময়নাতদন্তের জন্য।
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এক প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে বলেছেন, বিষক্রিয়া-জনিত কারণে মৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু তা জানতে ভিসেরা পরীক্ষা করা হবে। এজন্য রক্ত ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে।
কতক্ষণ আগে তার মৃত্যু হয়েছে তেমন কি ধারণা পাওযা যাচ্ছে জানতে চাইলে ডা. মাহুমদ বলেন, "ময়নাতদন্ত কার্যক্রমের সময় থেকে ৩৬ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি"।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে মি. শাকিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মি. শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হলেও, তার মৃত্যুর বিষয়টি জানতে রেস্তোরাঁর কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রেস্তোরাঁটি বন্ধ করে দেয়া হয়েছে।
ওই রেস্তোরাঁতেই একজন চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এআই





