করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: আহসান হাবীব ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুলাই) গভীর রাতে তিনি ইন্তেকাল করেন। তিনি গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন।
আহসান হাবীব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান। তিনি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (রাঙ্গামাটি) কর্মরত ছিলেন।
আহসান হাবীব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বিকালে তার গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে আজ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। খবর বাসস’র।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ করোনায় জীবন উৎসর্গকারী অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি আজ এক শোকবার্তায় বলেন, আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমবি





