বগুড়ায় গুলি ভর্তি রিভলবারসহ চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সন্ত্রাসী রাকিবের ছুরিকাঘাতে জুলহাজ উদ্দিন নামে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। রাকিব শহরের চেলোপাড়া এলাকার রানার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাকিবকে (২৮) ধরতে গেলে পুলিশের উপ পরিদর্শক (এসআই) জুলহাজ উদ্দিনকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে সে।

পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

রাকিবের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে। রাকিব কলেজ ছাত্র সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ