বিজয়ের মাসের শুরুতেই টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার (৬৫) গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কাদেরিয়া বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামার জঙ্গলের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। গোলাম মোস্তফার বাড়ি ওই ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী গ্যাস স্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাতেই তার ছেলে রফিকুল ইসলাম সখীপুর থানায় নিখোঁজের ডায়েরি করেন। এর পাঁচ দিন পর সোমবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামার জঙ্গলের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্বৃত্তরা গোলাম মোস্তফার গলা, দুই পায়ের রগ ও পুরুষাঙ্গ কেটে ফেলেছে।
সখীপুর মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার এম এ গণি জানান, গোলাম মোস্তফা সখীপুর মুক্তিবাহিনীর একজন অন্যতম সংগঠক ও সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। অবিলম্বে তার খুনিদের গ্রেফতারের দাবি জানান তিনি।
কেএইচ





