লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ার কারণে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট ও টহল দিয়ে। যৌক্তিক কারণ ছাড়া যারা ঘরের বাইরে বের হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। যারা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ বলতে পেরেছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, করোনা মহামারি নিয়ন্ত্রণের জন্য নগরবাসীকে আরও বেশি সচেতন হতে হবে। অকারণে ঘর থেকে বের হয়ে করোনাভাইরাস নিজের ঘরে বহন করে নিজেরাই ঝুঁকির মধ্যে পড়ছেন। পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানুষকে সচেতন করার চেষ্টাও করছে।
এর আগে লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (০১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া প্রথম দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২১২ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা ও ৩৯১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। লকডাউনের প্রথম দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানার পাশাপাশি ৭৭টি গাড়িকে রেকারিং করা হয়েছিল।
এমবি





