পেট্রলবোমা মেরে মানুষ হত্যাকারী এবং তাদের হুকুমদাতাদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহিংসতাকারীরা পেট্রলবোমার পরিবর্তে গ্রেনেড হামলার পরিকল্পনা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে এসে সংশ্লিষ্ট মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ নির্দেশ দেন। এসময় আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।
দেড় মাসের বেশি সময় ধরে বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ চলাকালে নাশকতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থা থেকে দেশের মানুষকে উদ্ধার করতেই হবে।
তিনি বলেন, যারা এখন হাতে নাতে ধরা পড়েছে এদের বিচারটা দ্রুত করে ফেলা।... যারা এরসঙ্গে জড়িত- একটা হচ্ছে হুকুমদাতা যে তাদের নির্দেশে হচ্ছে। অর্থের জোগানদার কে তাদের বের করা, বোমাগুলি তৈরি করছে কে, বোমাগুলি সরবরাহ দিচ্ছে কে, মারছে কে? এদের প্রত্যেকটা স্তরেই বোধহয় বিচার খুব কঠিনভাবে হওয়া দরকার। কারণ এ অবস্থা চলতে পারে না।

শেখ হাসিনা বলেন, পেট্রলবোমা হামলাকারীদের বিচার বিলম্ব হলে এ ধরণের নাশকাতার কাজে তারা আরও উৎসাহী হয়ে উঠতে পারে। কারণ গোয়েন্দা সংস্থা থেকে এই মর্মে জানানো হয়েছে যে, নাশকতাকারীরা আরও বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটাতে পারে।
এআর/জেআই





