নাব্যতা সংকটের কারণে আজও ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। নদীতে ড্রেজিং কাজ চলমান থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে।

মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, হঠাৎ করে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা হয়। নাব্য সংকট দূর করতে নদীতে একাধিক ড্রেজার দিয়ে বালু অপসারণের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ।

তিনি আরও জানান, ড্রেজিং কাজ চলমান থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই নৌরুটে ১৯টি ফেরি আছে। দুই থেকে ৩টি ফেরিতে বিকল্প নৌরুট ব্যবহার করে ছোট ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৪ শতাধিক যানবাহন।

এদিকে এই নৌরুট স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিআইডব্লিউটিএ।

জেড