শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনের দিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় সুবচনী বাজারে সংঘর্ষে লিপ্ত হয় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ। এ সময় রামদা, টেঁটা, সরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় এক ঘণ্টা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ১৮ রাউন্ড শটগানের ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালি বলেন, রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শহীদুল সিকদার, মফিজ সিকদার ও ৫নং ওয়ার্ডের বিল্লাল গাজির সঙ্গে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়। তারা সবাই আওয়ামী লীগ কর্মী।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম‌নিরুজ্জামান ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ গি‌য়ে নিয়ন্ত্র‌ণে এনেছে। বর্তমা‌নে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ এখ‌নো অভিযোগ ক‌রে‌নি।

এএস