চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো-ফুফাতো বোন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের হাসান আলী ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, ওই গ্রামের দুবাই প্রবাসী সাইফুল হাসানের মেয়ে সাদিয়া বিনতে হাসান (৭) ও সৌদি আরব প্রবাসী জসীম উদ্দিনের মেয়ে জান্নাতুন নাঈমা (৮)।

মৃত শিশুদের আত্মীয় মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে সাদিয়া ও নাঈমা খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি।

ওএফ