পাবনায় প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করার দায়ে মাওলানা আবু জাঈদ সুরজী (২৭) নামে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সোলেমান আলী শুক্রবার সকাল ১১টার দিকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত মাওলানা আবু জাঈদ সুরুজী জেলার সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের শমশের আলীর ছেলে।

পাবনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, পাবনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সুরজীর নিজস্ব মোবাইল ফোনে ছয়বার সম্পূর্ণ পরীক্ষার (৮০ নম্বর) উত্তর আসে। হলে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার এবং অসদুপায় অবলম্বন করার দায়ে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরুজীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তাকে জেলহাজতে পাঠানো হয়।

কেএইচ