করোনা সংক্রমণ বিবেচনায় রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ মার্চ) দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর গোপীবাগস্থ বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটি নিবেদন করব। যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাই রাত ৮টার মধ্যে অবশ্যই সব দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গণ-বিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, ৮টার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।’

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, মোঃ খায়রুল বাকের উপস্থিত ছিলেন।

এএস