রাজধানীর অসহনীয় যানজট নিরসনে অবৈধ অটোরিক্সা উচ্ছেদের দাবি জানিয়েছে বাংলাদেশ রিক্সা-ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ রিক্সা-ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আর এ জামান বলেন, ‘রাজধানীতে বৈধ রিক্সাও অটোরিকসার সংখ্যা ৭৯ হাজার ৬০০ হলেও লাখের বেশি আরও অবৈধ রিক্সা রয়েছে। একশ্রেণীর অসাধু মালিক প্রশাসনের সাথে আঁতাত করে রিক্সাগুলো রাস্তায় নামিয়েছে।’
তিনি বলেন, ‘২০০১ সালে সিটি কর্পোরেশনের সাথে সমঝোতা চুক্তি অনুযায়ী ৪৩ হাজার রিক্সার মালিকানা লাইসেন্স দেওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় এ চুক্তি বাস্তবায়ন হয়নি।
এই সুযোগে ঐ অসাধু চক্র অবৈধ লাইসেন্স ব্যবহার করে হাজার হাজার রিক্সা নামিয়ে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাই এই অবৈধ রিক্সা বানিজ্যের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে অবৈধ রিক্সাও উচ্ছেদ করতে হবে।’
চুক্তি অনুযায়ী ৪৩ হাজার মালিকের রাজস্ব গ্রহণ করে নতুন লাইসেন্স ইস্যুর দাবিও জানান তিনি।
তিনি বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি হয়রানির স্বীকার হবে রিক্সার শ্রমিকরা। আমরাও প্রশাসনের সাথে ঐক্যবদ্ধভাবে যানজট নিরসনে কাজ করতে চাই। অবৈধ রিক্সাগুলো তুলে দিলে অনেকাংশে যানজট কমে যাবে।’
আর এ জামান আরও বলেন, ‘অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করে ব্যাটারিচালিত রিক্সা রাজধানীতে চলাচল নিষিদ্ধ করা হলেও বিভিন্ন জায়গায় এগুলো চলছে। অনতিবিলম্বে এই ব্যাটারিচালিত রিক্সা সম্পূর্ণভাবে বন্ধ না করলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সদস্য সচিব ইনসুর আলী, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, রাজধানী রিক্সা-ভ্যান চালক শ্রমিক সমিতির সভাপতি আব্দুর রব প্রমুখ।
এমএ/এমকে





