মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে রাজশাহীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধনে আবারও বাধা দিয়েছে পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজের সামনে শুক্রবার সকাল ১০টায় আয়োজিত মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একদল পুলিশ এসে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধার মুখে সেখানে শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড হয়ে যায়। সেখানে মানববন্ধন না করার শর্তে শিক্ষার্থীদের ব্যানার ফিরিয়ে দেয় পুলিশ।
এর পর শিক্ষার্থীরা সেখান থেকে রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে শনিবার মেডিকেল কলেজের সামনে আবারও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থী ইশতিয়াক নাঈম।
প্রসঙ্গত, একই দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচিতেও পুলিশ বাধা দেয়। ওই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জেআই





