অষ্টম জাতীয় বেতন স্কেল নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের সঙ্গে সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে। এক্ষেত্রে সরকার ও শিক্ষকরা উভয়পক্ষ আন্তরিক রয়েছে। তবে কবে নাগাদ সমাধান হবে এর দিনক্ষণ নির্ধারণ করে বলা যাবে না।

আজ বুধবার দুপুরে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী এ সময় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। খুব পজিটিভ আলোচনা হয়েছে। সমস্যাটি জটিল আকার ধারণ করেছে। শিক্ষকদের সবার সম্মান যেন থাকে সে পথ ধরেই আলোচনা এগিয়ে যাচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, মালেশিয়ার পারলিস প্রদেশের ক্রাউন প্রিন্স ইউনিভার্সিটির চ্যান্সেলর টংকু সৈয়দ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড. ইউনুস মাহবুব প্রমুখ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ৩৬৮৩ নবীন গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে সদনপত্র বিতরণ করেন।

এসএইচ