পাঁচ দফা দাবিতে চট্টগ্রামের পণ্যবাহী পরিবহন মালিকরা রোববার দিনভর ধর্মঘট পালন করেন। বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক সমিতি ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
এতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে কোনো পরিবহন যেমন বের হয়নি তেমনি পণ্য বন্দরে ঢোকেওনি। এ কারণে পণ্য মালিকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
সংগঠনের আহ্বায়ক চৌধুরী জাফর আহমদ বলেন, মহাসড়কের সব ওজন স্কেল একই নিয়মে পরিচালনা ও চাঁদাবাজি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে রোববার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছিলাম। তার আগে আমরা এসব দাবি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে কথা বলেছি। কিন্তু তাতে কাজ না হওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, দুপুরে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে তিনি আমাদের দাবি আদায়ে সহযোগিতার আশ্বাস দেয়ায় বিকাল ৫টায় কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছি। এর মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে আবারও আন্দোলনে যাব।
রোববার ভোর থেকে এ ধর্মঘট শুরু হলে চট্টগ্রাম বন্দর থেকে ট্রাক, কাভার্ড ভ্যান, লরিতে করে পণ্য পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার দুপুরে তার কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন।
জেড





