সাভারের আশুলিয়ায় মো. মনির মন্ডল (২৮) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে ডাকাত দল।
শুক্রবার (১০ এপ্রিল) দিনগত গভীর রাতে আশুলিয়ার দুর্ঘাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত মনিরের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে মনিরকে বাড়ির বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে।
এসময় বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে মনির মন্ডলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
ইআর





