রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে।

মো. হাসান (২৫) নামে ওই চালক রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ভোর ৪টার দিকে মিরপুর ১২ নম্বরের বি ব্লকের ৮ লেনে কয়েকজন দুর্বৃত্ত হাসানকে ছুরিকাঘাত করে। পল্লবী থানার টহলরত পুলিশ তাকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এর পর খবর পেয়ে তার শ্যালক আলমঙ্গীর হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আলমঙ্গীর হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পথে হাসান জানান, হামলাকারীদের তিনি চিনতে পেরেছেন। তবে কেন তাকে হামলা করা হয়েছে এবং তাদের নাম তিনি বলতে পারেননি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টায় তার মৃত্যু হয়।

হাসনের বাবার নাম আবদুল মান্নান। তারা মিরপুর ১২ নম্বরের ১৪ নম্বর লেনের ৪৪ নম্বর বাসায় সপরিবারে ভাড়া থাকেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ