বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ঈদুল আজহায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে। গরম মসলা বিশেষ করে এলাচি, দারুচিনি, লবঙ্গ, জিরা, তেজপাতা এগুলোর পর্যাপ্ত মজুত রয়েছে। দামও বাড়বে না।
রোববার বিকালে সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের জন্য গঠিত কমিটির সভায় তিনি এ আশ্বাস দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু ঈদের সময় নয়, সবসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনগুলোতে তাদের সহযোগিতা কামনা করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বর্তমানে ভোজ্য তেল, পেঁয়াজ, রসুনসহ সকল প্রকার মসলার পর্যাপ্ত মজুত রয়েছে। প্রয়োজনীয় মসলা ইতোমধ্যে আমদানী করা হয়েছে। বাজারে এ সকল পণ্যের সংকট বা মূল্যবৃদ্ধি পাবে না।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) অমিতাভ চক্রবর্তী, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মোঃ ইকবাল খান চৌধুরী, টিসিবি’র চেয়ারম্যান সারোয়ার জাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়া আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক মজিবর রহমান উপস্থিত ছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মো. ইকবাল, বাংলাদেশ পাইকারী গরম মসলা বিক্রেতা সমিতির মহাসচিব মো. আতিকুল হক, ঢাকা মহানগর ফল আমদানিকারক ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. সিরাজুল ইসলাম, ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি সফি মাহমুদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান এম এ কাদের প্রমুখও এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





