রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে বিদেশি মুদ্রাসহ আশরাফ (২৫) নামে এক যুবককে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৬ লাখ ৩০ হাজার ৪৪৯ টাকার সমপরিমাণ মুদ্রা আটক করা হয়।

রোববার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গৌধূলী এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রেলযাত্রী আশরাফের দেহ তল্লাশি করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে সৌদি রিয়াল, ইউএস ডলার, মালয়েশিয়ার রিংগিতসহ দুবাই, ব্রুনাই, জাপান ও কাতারের মুদ্রা পাওয়া যায়। এসব মুদ্রার মূল্য ২৬ লাখ ৩০ হাজার ৪৪৯ টাকা।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, মুদ্রাসহ আটক আশরাফের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ