পরিবহন মালিকদের অঘোষিত ধর্মঘটের ফলে পুরো রাজধানী গণপরিবহন শূন্য হয়ে পড়েছে। শহরের কোনো সড়কে যানবাহন নেই।
আজ (শুক্রবার) সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলাচল করছে না। পাশাপাশি দূরপাল্লার সব বাস রাজধানীতে প্রবেশ ও ছেড়ে যাওয়া বন্ধ রয়েছে।
কয়েকটি প্রাইভেটকার, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলছে না। এতে সকাল শুরু হতেই চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। শতশত মানুষকে রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
অঘোষিত ধর্মঘটের অংশ হিসেবে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, গাবতলী’সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পরিবহন শ্রমিকরা।
এদিকে নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে মানববন্ধন করে মনিপুর উচ্চ বিদ্যালয় ‘৯৫ ব্যাচ।
সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, “ছাত্ররা মালিকদের ফাঁসি চায়, শ্রমিকদেরও ফাঁসি চায়। এ কারণে সকাল থেকে শ্রমিকরা সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। তবে আমরা মালিক সমিতি চাই গাড়ি চলুক। কিন্তু শ্রমিকরা না চালালে আমরা কী করব?”
এমবি





