রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনের আন্ডারপাসটি উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন এ আন্ডারপাসটি উদ্বোধন করেন। আন্ডারপাসটির সংস্কার শেষে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হয়।

উদ্বোধনের পর মনজুর হোসেন বলেন, ‘দিনদিন রাজধানীতে যানজট বেড়েই চলছে। এত যানবাহনের মধ্য দিয়ে রাস্তার ওপর দিয়ে অনেক সময় ঝুঁকি নিয়ে পথচারীরা যাতায়াত করেন। তাই তাদের নিরাপত্তার কথা আমাদের ভাবা উচিত। এটি সবার দায়িত্ব। নিরাপদে সড়ক পারাপার হওয়া পথচারীদের ন্যায্য অধিকার।’

তিনি পথচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এগুলো নির্মাণ করা হয়েছে। তাই এর রক্ষণাবেক্ষণ করা আপনাদেরও দায়িত্ব। আপনারা এর ভেতরে নির্দিষ্ট জায়গা ছাড়া ময়লা-আবর্জনা ফেলবেন না। এর পরিবেশ রক্ষা করবেন।’

আন্ডারপাসটি সংস্কারে মোট ৩৪ লাখ টাকা ব্যয় হয়েছে। এর অর্থায়ন করেছে মিতসুবিশি করপোরেশন। আর বাস্তবায়নে ছিলো বিটাক নামের একটি প্রতিষ্ঠান।

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ফারুক জলিল, মিতসুবিশি করপোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) সাতুশি কাতাসা, বিটাকের পরিচালক শফিকুর রহমান প্রমুখ।

জেআই