সাভারের উলাইল এলাকার মধুমতি টাইলস লিমিটেডের সামনে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঢাকা-আরিচা মহাসড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার এ ঘটনায় ১০ যাত্রী দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী জাকের এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১১-১০৬৭) যাত্রীবাহী বাসে আগুন দেয় দৃর্বত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

বাসযাত্রী মডেল ও ক্রিকেটার শাওন করিম জানান, রাত সাড়ে ৯টার দিকে গাড়িটি সাভারের মধুমতি টাইলসের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। তারা যে যার মতো জানালার গ্লাস ভেঙে বের হন।

বাসযাত্রী রেজাউল, মনির ও সুজন জানান, এ ঘটনায় ১০ যাত্রীর শরীর আগুনে ঝলসে গেছে। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে পোড়া গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

কেএইচ